সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযানে ৫ জনকে উভয় দন্ডে দন্ডিত করা হয়েছে।
৩০ নভেম্বর রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে স্থানীয় মইয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে মাটিকাটার দায়ে শাহদাত হোসেন, রাসেল মিয়া ও আবেদ আলীসহ ৩ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ জনকে আরো ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়া ২৯ নভেম্বর শনিবার পৃথক অভিযানে উপজেলার হাড়গ্রাম ব্রীজ সংলগ্ন এলাকায় কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ জনকে দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ফিটনেসবিহীন মোটরযান চালানোর অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।