ট্রাম্পকে আর কোনো সুযোগ দেবে না উত্তর কোরিয়া

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

ট্রাম্পকে আর কোনো সুযোগ দেবে না উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃঃ

শত্রুতাপূর্ণ নীতি থেকে সরে না আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের কোনো ব্যক্তিগত সম্পর্ক রাখার কারণ দেখছে না উত্তর কোরিয়া। ট্রাম্পের সঙ্গে কিমের প্রথম শীর্ষ বৈঠকের দুই বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএকে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়।

 

একটি বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সন গুয়োন বলেন, আর কখনো মার্কিন প্রধান নির্বাহীর কাছ থেকে কোনো কিছু ফেরত না নিয়ে তাকে আরেকটি কৃতিত্ব অর্জনের প্যাকেজ দেয়া হবে না। শূণ্য প্রতিজ্ঞার চেয়ে ভণ্ডামির আর কিছু হতে পারে না। যুক্তরাষ্ট্রের হুমকি ঠেকাতে উত্তর কোরিয়া সেনাবাহিনীকে আরো শক্তিশালী করা হবে বলেও বিবৃতিতে বলেন রি সন গুয়োন। তবে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে বিবৃতি দেয়ার পর এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

 

ক্ষমতায় আসার পর থেকেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞাও দেন ট্রাম্প।২০১৭ সালে কিম-ট্রাম্প পরস্পরকে উদ্দেশ্য করে হুমকি ছুড়ে দিয়েছিলেন। কিম জং উনকে ”ছোট্ট রকেট ম্যান” বলে ডেকেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পকে ”মানসিক বিকারগ্রস্ত আর ভীমরতিগ্রস্ত ব্যক্তি” বলে বর্ণনা করেছিলেন কিম।

 

তবে ২০১৮ সালের জুনে ট্রাম্প-কিমের সম্পর্কের নতুন মোড় নেয়। পারমাণবিক নিরস্ত্রীকরণসহ দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই দুই নেতা সিঙ্গাপুরে প্রথম শীর্ষ বৈঠকে বসেন। সেইবার কোনো ধরণের সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। ২০১৯ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে ভিয়েতনামে দ্বিতীয়বার বৈঠকে বসেন ট্রাম্প-কিম । তখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকটি কোন সমঝোতা ছাড়াই শেষ হয়। উত্তর কোরিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা তোলার দাবি করা হলেও তাতে রাজি হননি ট্রাম্প।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031