সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সাদাপাথর লুটকাণ্ডে গ্রেফতার হওয়া পদ হারানো সাহাব উদ্দিনের মুক্তি চেয়ে বিবৃতি দিয়ে শোকজ হয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতা। মঙ্গলবার জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবর। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন।
দলীয় সূত্র জানায়, ১৪ সেপ্টেম্বর নগরীর কুমারপাড়া থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র্যাব। পরদিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তার মুক্তি দাবি করে বিবৃতি দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বিবৃতির ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ৩ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত আকারে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।