সিলেটে যে নতুন সড়ক নির্মাণ করবে সরকার

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

সিলেটে যে নতুন সড়ক নির্মাণ করবে সরকার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট মহানগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নগরীর আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত একটি নতুন সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা হয়ে টিবি গেট পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট শহরের যানজট নিরসনে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা সিলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রধান সড়কগুলোর নির্মাণকাজ এবং চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত শেষ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প সম্পন্ন হলে সিলেট আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে পরিণত হবে। একই সঙ্গে জলাবদ্ধতা এবং সড়ক অবকাঠামোসংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যারও সমাধান হবে।’

 

তিনি আরও বলেন, ‘জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে শহরের ছড়াগুলো সংরক্ষণ করতে হবে। পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি। পানির উৎস থেকে নদী পর্যন্ত প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করতে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা গেলে বর্ষাকালের বন্যা ও জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

 

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, সিলেটের বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারগামী সড়ক প্রশস্ত করা হবে। এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা এবং লাক্কাতুরা থেকে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930