নিরাপত্তার প্রত্যয়ে জনতার পাশে পুলিশ – সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

নিরাপত্তার প্রত্যয়ে জনতার পাশে পুলিশ – সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

আমার পুলিশ, আমার দেশ, আমার বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ ও আধুনিক পুলিশিং বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

 

সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ জেলা পুলিশ সিলেট বিভাগের চার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

 

পুলিশ সুপার আরও বলেন, আধুনিক পুলিশিং নিশ্চিত করতে জেলা পুলিশ সাইবার মনিটরিংসহ প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জেলার শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী তথ্য-সহায়তা নেটওয়ার্ক পুলিশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

 

সভাপতির বক্তব্যে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর হতে হবে। তিনি অপরাধ দমনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, উন্নয়ন ও বিনিয়োগের পূর্বশর্ত হলো শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি। সুনামগঞ্জ জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

 

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930