সিলেট ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনলাইন জুয়া খেলায় জড়িত অভিযোগে দুই যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার শ্যামল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল কাহার (৩২) এবং মান্নারগাঁও ইউনিয়নের চন্ডীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামিদুল হাসান জায়েদ ওরফে বাদশা (২২)। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোনসহ অনলাইন জুয়ার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের দিক নির্দেশনায় পুলিশের একটি টিম বুধবার রাতে উপজেলার শ্যামল বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বাজারের একটি দোকানে অনলাইন জুয়ার আসর থেকে বিভিন্ন আলামতসহ উপরোক্ত দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। এসময় অনলাইন জুয়া বন্ধে প্রশাসনিক বিশেষ অভিযান অব্যাহত রাখতে দাবি জানান স্থানীয় সচেতন মহল।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনলাইন জুয়া বন্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।