সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
প্রতিনিধি / নবীগঞ্জ ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বরগুনা জেলার সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মো: জালাল খলিফার পুত্র মো. রুহুল আমিন (৩৪) ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো: মাজেদুর রহমান (৪১)।
র্যাব সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি নীল রঙ্গের কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় তাৎক্ষণিক তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। এতে, তাদের বহনকৃত কাভার্ডভ্যানটি তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতর নীল পলিথিন ও খালি রঙ্গের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।