সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬
প্রতিনিধি / বালাগঞ্জ ::
সিলেটের বালাগঞ্জ উপজেলার শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্যস্থ বাঙ্গালী কমিউনিটি নেতা ও সংগঠক, তরুন সমাজকর্মী শহীদ আবুল কালাম সেতুকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও কৃতজ্ঞতা জানিয়েছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন।
জানাযায় সদ্য বিদায়ী বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, প্রবাসে অবস্থান করে ও শহীদ আবুল কালাম সেতু দীর্ঘদিন ধরে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।তিনি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্টাকালিন কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হাজিপুর গ্রামের প্রয়াত আব্দুস সহিদ এর পুত্র।
প্রশংসাপত্রে বলা হয়, তিনি স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারে সহযোগিতা করেছেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।
উপজেলা প্রশাসনের মতে, তাঁর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শুধু শিক্ষা ও সামাজিক পরিবেশের উন্নয়নেই ভূমিকা রাখছে না, বরং নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও স্থাপন করছে। তাঁর অবদান শিক্ষার্থীদের শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি সমাজের মানবিক ও নৈতিক মূল্যবোধ বিকাশে ও সহায়ক হিসেবে কাজ করছে।
প্রশংসাপত্রে আরও উল্লেখ করা হয়, প্রবাসে অবস্থান করেও মাতৃভূমির শিক্ষা, সমাজ ও আগামী প্রজন্মের কল্যাণে তাঁর দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিক চেতনার পরিচয় সর্বমহলে প্রশংসিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবুল কালাম সেতুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয় এবং ভবিষ্যতে, সমাজ ও শিক্ষার কল্যাণে তাঁর এ ধরনের মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রবাসীদের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজ উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অন্যদের ও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।