সিলেট ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
নাটোর আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন বাদীপক্ষের নাটোর সদর উপজেলার গৌরিপুর (হয়বতপুর) এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. মিদুল (৩৮), শহরের কান্দিভিটা এলাকার প্রয়াত বাদশা খানের ছেলে মো. জনি খান (২৪) এবং বিবাদীপক্ষের লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার মো. লোকমান সরকারের ছেলে মো. রানা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালত আসেন মামলার বাদী ও বিবাদীপক্ষের লোকজন। দুপুরে আদালতে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত প্রাঙ্গণে দু-পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বির্তক শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের ৮/১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় তিনজনকে আটক করে পুলিশ।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, ‘উভয়পক্ষের আজ আদালতে শুনানির তারিখ ছিল। শুনানি শেষে আদালতের বাহিরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় পুলিশ তিনজকে আটক করেছে।’