সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪
লন্ডন বাংলা ডেস্কঃঃ
আগামী এক মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, একজন ভিআইপি বিমানবন্দরে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা তাদের সব সুবিধা দেব।
এরই মধ্যে দেশের বিমানবন্দরে সেবার মান উন্নয়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন, চেকইন করার সময় সঙ্গে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি। ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি। বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয়, আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা সেটি দূর করব।
তিনি আরও বলেন, কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কীভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কীভাবে করবেন, ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কীভাবে সেটি করবেন- এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক। দরকার হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব। একজন প্রবাসী যেন কোনো অবস্থায়ই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অপমান বোধ না করেন- এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে।
আসিফ নজরুল আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে যেসব প্রবাসী নিজেদের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলে কারাবরণ করেছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আমরা ইতোমধ্যে ফিরে আসা ৮৭ জনকে তালিকাভুক্ত করতে পেরেছি।
তিনি বলেন, প্রবাসগামী কর্মীদের বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন আর নিতে হবে না। এখন থেকে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন হলেই চলবে।