সিলেট |
প্রকাশিত: 10:31 PM, October 22, 2026
প্রতিনিধি/ওসমানীনগর ::
ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের বেরারাই গ্রামে বাড়ির আঙ্গীনায় নিরাপত্তার জন্য একটি লোহার ছোট গেইট স্থাপন করেন মানিক মিয়া নামের এক ব্যক্তি। গেইট স্থাপনের স্থানটিকে মসজিদে যাতায়াতে রাস্তার ভূমি বলে অপপ্রচার করছে একটি কুচক্রী মহল। গেইট স্থাপনে পূর্ব শত্রুতাবশত গ্রামের আব্দুল মান্নান উছমান ভাড়াটে বাদী দিয়ে সাজানো মামলায় মানিক মিয়াসহ গ্রামবাসীকে হয়রানি করছেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, গেইট স্থাপন নিয়ে উছমান পক্ষ দুদু মিয়া নামের এক ব্যক্তিকে দিয়ে ১৪ সেপ্টেম্বর ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ করান। তাতে সিরাজ মিয়া, মানিক মিয়া ও রাশেদ মিয়াসহ ৮জনকে অভিযুক্ত করা হয়। কিন্তু থানা পুলিশ মানিক মিয়ার ভূমি সংক্রান্ত মালিকানার কোনো কাগজপত্র সংযুক্ত না করে এক তরফা অভিযোগের অগ্রবর্তী করে কোর্টে প্রেরণ করায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।
গ্রামের লোকজন জানিয়েছেন, বাড়ির আঙ্গীনায় মালিকানা ভূমিতে গেইট স্থাপনের বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিরা জ্ঞাত আছেন। তাদের অভিযোগ, থানার ওসি ও তদন্ত ওসি সব কিছু জেনেও আমাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। না পেয়ে তারা উছমান পক্ষের সাথে আতাত করেছেন। ওসি ও তদন্ত ওসি উছমানের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে ভাড়াটে মামলাবাজ দুদু মিয়াকে বাদী করে গ্রামের লোকজনকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ওমানীনগর থানার ওসি গাজী মোস্তফা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, শান্তি-শৃঙ্খলার স্বার্থে মামলাটি (প্রসিকিউশন) আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩আগস্ট রাতে বেরারাই গ্রামের মধ্যবর্তী স্থানে গ্রামবাসীর চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করেন প্রভাবশালী আব্দুল মান্নান উছমান, কাপ্তান মিয়া ও সুলতান মিয়াসহ তাদের সহযোগীরা। নির্মাণ করা দেয়ালকে টয়লেটে রূপান্তর করা হয়। থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা অনুধাবন করেন। কিন্তু উছমান পক্ষ প্রশাসন বা জনপ্রতিনিধিদের ডাকে সাড়া দেননি। আগে গেইট এবং পরে দেয়াল নির্মাণের প্রতিবাদ করেন গ্রামবাসী। ক্ষিপ্ত হন উছমান। প্রতিশোধ নিতে হয়রানির উদ্দেশ্যে উছমান গ্রামবাসীকে জড়িয়ে একের পর এক সাজানো মামলা করছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, রাস্তায় দেয়াল ও গেইট অপসারণের দাবিতে আদালতে গ্রামবাসীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ভূমি কর্মকর্তার সরজমিন তদন্ত প্রতিবেদনে রাস্তায় দেয়াল ও গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতার বিষয়টি উঠে এসেছে।
গ্রামবাসীর অভিযোগ, রাস্তায় দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় উছমানের পোষা সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনি মারমুখি আচরণ করেন। বিশাল বিত্ত বৈভবের মালিক উছমান মামলাবাজ, ভূমিখেকো ও হিংস্র প্রকৃতির। যে দল ক্ষমতাসীন হয় সেই দলেই অনুসারি সাজেন। ক্ষমতাসীন দলের কতিপয় লোকজনের প্রভাব খাটিয়ে উছমান আইনের তোয়াক্কা করেন না। তাদের প্রশ্ন প্রভাবশালী উছমান কী সবার ঊর্ধ্বে।
আব্দুল মান্নান উছমান বলেন, দেয়াল ও গেইট নির্মাণ করা ভূমি আমার মালিকানা। গ্রামবাসী কীভাবে চলাচল করবে তা আমার দেখার বিষয় নয়।
সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও ইউএনও মুনমুন নাহার আশা বলেন, বিকল্প রাস্তা নেই, শিক্ষার্থীসহ গ্রামবাসীর চলাচলে ব্যাঘাত ঘটছে। উছমান স্থানীয়ভাবে মিমাংশার সুযোগ দেননি, আমাদের ডাকেও আসনেনি।