সিলেট |
প্রকাশিত: 6:57 PM, November 20, 2024
রাজেশ ভৌমিক/শ্রীমঙ্গলঃঃ
তথ্যই শক্তি, জানব জানাব, দুর্নীতি রুখব’ প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে দুই দিনব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা মো. আবু তালেব। উদ্বোধনের পর মেলার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে ও সনাক সদস্য কাজী আসমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও টিআইবি`র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী।
এ সময় বক্তারা বলেন, জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি ওয়েব পোর্টাল হালনাগাদ করা হচ্ছে। তথ্যের অবাধ প্রবাহের ফলে প্রতিটি দপ্তর ও কর্মকর্তাদের দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। সাধারণ জনগণকে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্যই এই তথ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্বাস্থ্য বিষয়ক গণশুনানিতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। মেলায় সরকারি সেবা প্রদানকারী প্রায় ৩৪টি প্রতিষ্ঠান স্টল দিয়ে তাদের স্ব স্ব কার্যালয়ের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরেছে। পাশাপাশি দর্শনার্থীদের তথ্য প্রাপ্তিতে সহায়তা করা হয়।
মেলায় কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
তথ্যমেলার দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার বিকালে দুই দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।