মুজিবনগর সরকারের ‘নাম পরিবর্তন’ নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

মুজিবনগর সরকারের ‘নাম পরিবর্তন’ নিয়ে যা বললেন উপদেষ্টা

লন্ডন বাংলা ডেস্ক ::

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, ‘ইতিহাস কখনো মোছা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়।পরবর্তী নির্বাচিত সরকার এসে কী করবে এটি তাদের ব্যাপার।’

আজ বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

এদিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এ সময় ‘গার্ড অব অনার’ শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

ফারুক-ই-আজম বলেন, ‘আমাদের অনেক গৌরবের বিষয় আছে, যেগুলো আমরা ইচ্ছে করে বিতর্কিত করতে চাই না। ইতিহাস অমোচনীয় থাকা উচিত।’

 

মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সাংবিধানিক সরকার উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন,‘এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সংযোগ স্থাপন করেছে। তখনকার নির্বাচিত যে নেতৃবৃন্দ ছিলেন, তারাই এই সরকার গঠন করেছেন। ১৭ এপ্রিল জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।’

 

এ সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, ‘যারা সত্যিকার মুক্তিযোদ্ধা আছে, তারা প্রতিনিয়ত বিব্রতবোধ করছে। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। এটি গ্লানিকর।’

 

এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন জানিয়ে উপদেষ্টা বলেন, ‘কিছু বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় আছি। বিভিন্ন রকমের প্রায় দুই হাজার ৭০০-এর বেশি মামলা আছে। এই মামলাগুলো নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি।’

 

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোর ৫টা ৪৩ মিনিটের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়। মুজিবনগর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন এই কর্মসূচি পালন করে।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা লে. কর্নেল ফারুক-ই-আযম বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হুসাইন শওকত, মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

এ সময় মেহেরপুর পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় উপদেষ্টাকে। এ ছাড়া ১৭ এপ্রিল ১৯৭১ সালে গার্ড অফ অনার প্রদানকারীদের মধ্যে বেঁচে থাকা দুজন আনসার সদস্য সিরাজ উদ্দিন ও আজিমউদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ও আম্রকাননের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031