সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টা দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনসভায়যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ নামক লঞ্চে করে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলেন। গতরাতে ঘন কুয়াশার মধ্যে জাকির সম্রাট-৩ নামক একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ এর। এতে দুই লঞ্চের প্রায় ৩০ জন যাত্রী আহত হন। ৪ জনের নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে, তবে এ ব্যাপারে ঝালকাঠি পুলিশ কিংবা বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে কিছুই বলতে পারেনি।
ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চঘাটে রয়েছে। আহতরা সবাই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) বায়জীদ বীন ইবনে আকবর জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করা হয়েছে। লঞ্চে তল্লাশি চলছে। কয়েকজন লঞ্চের কর্মচারী আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।