বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

 

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

 

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়েছে।

 

 

 

 

এর আগে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

 

 

এই অনুরোধের বিষয়ে গতকাল রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেছিলেন, ‘আইনি ভিত্তি পর্যালোচনা করছেন, এটা কোন মাধ্যমে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই বিষয়টা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তার এ বক্তব্যের পরদিনই আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলো তথ্য মন্ত্রণালয়।

 

 

উল্লেখ্য, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল পেসার মোস্তাফিজুর রহমানের। তবে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর। এমন সিদ্ধান্তের জেরে ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930