ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে: এডভোকেট নুরুল ইসলাম নুরুল

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে: এডভোকেট নুরুল ইসলাম নুরুল

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর–বিশ্বম্ভরপুর) আসনে ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন সুনামগঞ্জ সদর –বিশ্বম্ভরপুর  তথা সুনামগঞ্জের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার একটি মাত্র মূল্যবান ভোট খুলে দিতে পারে একটি নতুন বাংলাদেশের দুয়ার।” তিনি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাকে পরিকল্পিতভাবে একটি আধুনিক মডেল টাউনে রূপান্তর করা হবে। উন্নত অবকাঠামো, আধুনিক যোগাযোগব্যবস্থা, যুব কর্মসংস্থান এবং মানবিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

 

ইতিহাসের বিভিন্ন পর্যায় উল্লেখ করে এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে নব্বইয়ের গণঅভ্যুত্থানে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। আর চব্বিশ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশ কখনোই রাজাকার উত্তরসূরিদের হাতে তুলে দেওয়া যাবে না।

 

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আমার বিশ্বাস, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরের সাধারণ মানুষ গণতন্ত্র ও ধানের শীষের পক্ষেই রায় দেবেন।

 

এর আগে দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির উদ্যোগে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার-ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অংশ নেন। এ সময় এডভোকেট নুরুল ইসলাম নুরুল এলাকাবাসীর উদ্দেশে সালাম ও শুভেচ্ছা জানান এবং ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

নেতৃবৃন্দরা বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। সুনামগঞ্জ সদর–বিশ্বম্ভরপুরের উন্নয়নের জন্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলই সবচেয়ে যোগ্য প্রার্থী।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা এডভোকেট শেরেনুর আলী, রেজাউল করিম, নাদির আহমেদসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930