সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

লন্ডন বাংলা ডস্ক ::

 

আসন্ন জাতীয় সংসদের অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

আজ বুধবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

 

 

এতে জানানো হয়, আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহনসহ সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি অর্ডিন্যান্স-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

 

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোড, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত সড়ক, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণি থেকে পুরাতন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা।

 

 

এ ছাড়া জাতীয় সংসদ ভবন-এর সংরক্ষিত এলাকা এবং উল্লিখিত সীমানার ভেতরে থাকা সব সড়ক ও গলিপথও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

 

 

সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য গণবিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

Spread the love