সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি মৌখিক যে প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপাতত সরকারের প্রস্তাব নাকচ।’
ব্রিফিংয়ে তারা এভাবে ডেপুটি স্পিকার পদ চাননি বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।
এর আগে গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।’
এরপর গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পোস্টে তিনি বলেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল জামায়াতে ইসলামী কেবল অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||