ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারস্থ গ্রাম তাজপুর জামে মসজিদে গ্রামবাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক এনামুল হক এনাম।

 

জানা যায়, ২০১৮ সালে তাজপুর বাজার সংলগ্ন গ্রাম তাজপুরে টিনশেড দিয়ে একটি জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়। আশেপাশে তেমন কোনো মসজিদ না থাকায় স্থানীয় মুসল্লীরা এই মসজিদেই নিয়মিত নামাজ আদায় করতেন। সময়ের সঙ্গে মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদটি স্থায়ীভাবে নির্মাণের প্রয়োজন দেখা দিলে পরবর্তীতে ২০২৪ সালে দানকৃত ও  মসজিদ কমিটির পক্ষ থেকে ক্রয় করা মোট ১৬ শতাংশ জায়গা নিয়ে দানশীলদের আর্থিক সহযোগিতায় প্রায় ৫০ লক্ষ টাকা প্রাথমিক বাজেট ধরে তিন তলা ফাউন্ডেশন দিয়ে পাকা মসজিদ নির্মাণ কাজ শুরু হয়।

 

নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিভিন্ন এলকারি বিত্তশালীসহ মরহুম মোবারক আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম। তিনি যুক্তরাজ্যে অবস্থান করেও বিভিন্নভাবে মসজিদ কমিটিকে আর্থিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করে আসছেন।

 

প্রবাসী ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় ইতোমধ্যে মসজিদের একতলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তবে মসজিদের মিনার, অজুখানা, এবং প্রদান ফটকের সিঁড়িসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ এখনো অসমাপ্ত রয়েছে। এসব কাজ সম্পন্ন না হওয়ায় বয়স্ক মুসল্লীরা পূর্ণাঙ্গভাবে মসজিদে নামাজ ও ইবাদতে অংশ নিতে পারছেন না। তাই মসজিদের বাকি নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার বিকালে গ্রাম তাজপুর জামে মসজিদে গ্রামবাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন এনামুল হক এনাম। ইফতার মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীরা অংশ নেন।

 

ইফতার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয়দের আন্তরিকতা ও প্রবাসীদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই মসজিদের একতলার নির্মাণ কাজ সম্পন্ন হওয়া অত্যন্ত আনন্দের বিষয়।

 

বক্তারা আরও বলেন, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম মসজিদের উন্নয়নে যেভাবে আন্তরিকতার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ও প্রবাসীদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

পরে মসজিদের সার্বিক উন্নয়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং মসজিদ উন্নয়নে আর্থিক অনুদানকারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Spread the love