সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সিলেটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে দিনটি। আরবি শব্দ ‘বিদা’র অর্থ শেষ বা বিদায়। সে হিসেবে ‘জুমাতুল বিদা’ অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এটি কোনো স্বতন্ত্র ফরজ বা ওয়াজিব ইবাদত না হলেও, এর ফজিলত ও গুরুত্ব রমজানের শেষ সময়ের বরকতের সাথে গভীরভাবে সম্পৃক্ত।
সিলেটের দরগাহ্ হযরত শাহজালাল (রহ.), হযরত শহপরাণ (রহ.), বুরহান উদ্দিন (রহ.), নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, আবু তুরাব জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, নাইওরপুর জামেয়া মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, শাহপরাণ (র.) মাজার জামেয়া মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন।
জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে জুমাতুল বিদা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়। আর আজকে রমজান মাসেরও শেষদিন।
রমজানের শেষ জুমা হওয়ায় আজকের দিনের গুরুত্ব দ্বিগুণ। এদিন মুসল্লিরা বেশি বেশি কুরআন তিলাওয়াত, নফল নামাজ, দান-সদকা, জিকির-আজকার এবং তওবা-ইস্তিগফারে মনোনিবেশ করেন।
ইসলামি চিন্তাবিদরা বলেন, জুমাতুল বিদা আমাদের জন্য একটি আত্মসমালোচনার দিন। পুরো রমজান কেমন কাটলো, আমরা কতটুকু বদলাতে পারলাম—তা ভাবার সময় এটি। একই সাথে এটি ভবিষ্যতের জন্য নিজেকে সংশোধনের অঙ্গীকার করার দিন।
রমজানের এই বিদায়ী মুহূর্তে প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, অতীতের গুনাহের জন্য তওবা করা এবং জীবনের বাকি সময়কে দ্বীনের পথে পরিচালিত করার দৃঢ় সংকল্প গ্রহণ করা। কারণ আমরা জানি না, এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান।