সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী, ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের মরহুম গনি মিয়ার পুত্র শামীম আহমদের উদ্যোগে অসহায় পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী উপজেলার গোয়ালাবাজার, তাজপুর বাজারসহ বিভিন্ন গ্রামাঞ্চল ও সড়ক এলাকায় এতিম, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শতাধিক পথশিশুর মাঝে ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।
নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। তাদের অনেককেই উচ্ছ্বাসভরে নতুন জামা হাতে নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়।
জানা যায়, প্রবাসী শামীম আহমদ যুক্তরাজ্যে অবস্থান করেও নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। পবিত্র মাহে রমজানেও তিনি এতিমখানা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছেন।
রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক হিসেবেও তিনি এলাকায় সুপরিচিত হয়ে উঠেছেন। তার এ মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। স্থানীয়রা জানান, প্রবাসে থেকেও ঈদুল ফিতরকে সামনে রেখে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এলাকাবাসীর অনেকে আশা প্রকাশ করে বলেন, শামীম আহমদের মতো মানবিক মানুষ জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং অসহায় মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে।
তারা আরও বলেন, এই ঈদে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তারা তার পরিবারের জন্য দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদের বড় ভাই, ইউপি সদস্য ঈমান আলী নিজ হাতে জামা-কাপড় বিতরণ করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।