সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় ২নং সাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য , সমাজসেবক মোঃ শামছুল ইসলাম শামীমকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। দিন ব্যাপি অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শামীমকে এই সম্মাননা প্রদান করা হয় বলে জানা গেছে। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে আরো গুনিজনদেরও সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
মোঃ শামছুল ইসলাম শামীম দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ভূমি দাতা হিসেবে তিনি শিক্ষার প্রসারে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত। পাশাপাশি “আল ইনসান ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান হিসেবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নিয়মিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রশাসনের আয়োজনে দিবস উদযাপন অনুষ্ঠানে মোঃ শামছুল ইসলাম শামীমের হাতে সম্মাননা প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মুনমুন নাহার আশা।
সম্মাননা গ্রহণ শেষে মোঃ শামছুল ইসলাম শামীম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে জনসেবা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে অনুপ্রাণিত করবে। তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।