সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
দীর্ঘদিন বন্ধ থাকা সিলেট বিভাগের একটিসহ দেশের ৮টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শমসেরনগর বিমানবন্দর, বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর ও পটুয়াখালী বিমানবন্দর।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।
এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ১৩ মিলিয়ন। থার্ড টার্মিনাল চালু হলে তা বেড়ে ১৯ মিলিয়নে উন্নীত হবে। এর ফলে বিমানবন্দরের সেবার মান ও আয় দুটিই বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, নতুন টার্মিনালে ড্রপ-অফ সুবিধা থেকে শুরু করে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, অটোমেটেড কাস্টমস সুবিধা এবং অত্যাধুনিক বডি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এছাড়া, মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দর এলাকায় যানজটও অনেকাংশে কমে আসবে।