সিলেট ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
সারা দেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা-পর্যালোচনা ক্রমেই জোরদার হচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে চায়ের দোকান, সামাজিক আড্ডা এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চলছে ব্যাপক আলোচনা।
স্থানীয় সচেতন মহলের মতে, আগামী নির্বাচনে ভোটাররা এমন একজন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান, যিনি হবেন সৎ, শিক্ষিত, ন্যায়পরায়ণ এবং জনকল্যাণে নিবেদিত। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন এবার ভোটারদের প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।
এলাকাবাসীর মতে, একটি মাদকমুক্ত, দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রয়োজন দায়িত্বশীল, সৎ ও দূরদর্শী নেতৃত্ব। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, গ্রামীণ সড়ক ও কালভার্ট নির্মাণ-সংস্কার, মোরার বাজার, মাদরাসা বাজার ও জনকল্যাণ বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পানি নিষ্কাশনের কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পরিবর্তে আধুনিক ভবন নির্মাণ, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিচ্ছেন ভোটাররা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এমন একজন চেয়ারম্যান প্রত্যাশা করেন, যিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আঞ্চলিক বৈষম্য সৃষ্টি না করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমান উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবেন। বিশেষ করে তরুণ ভোটাররা শিক্ষিত, দক্ষ ও আধুনিক চিন্তাধারার নেতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
সচেতন নাগরিকদের ভাষ্য, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন শুধু একজন চেয়ারম্যান নির্বাচনের বিষয় নয়; বরং এটি দেওয়ান বাজার ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সততা, যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
যদিও এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে আলোচনা দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। স্থানীয় বিভিন্ন মহলে যাদের নাম সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে, তারা হলেন।
নাজমুল আলম, এনায়েতুর রহমান রাজু,লিটন আহমদ রফু,তোফায়েল আহমদ সুহেল,শেখ নুরে আজম,আব্দুল জলিল রুবেল আমিন সুমন,আব্দুস সালাম।