বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণে চার নারী কর্মকর্তাকে যুক্ত

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণে চার নারী কর্মকর্তাকে যুক্ত
লন্ডন বাংলা ডেস্ক ::
 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে কোনো নারী কর্মকর্তাকে না রাখা নিয়ে প্রতিবেদশ প্রকাশ করেছিল দৈনিক আমাদের সময়। ওই প্রতিবেদন প্রকাশের পর সিদ্ধান্ত পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন অফিস আদেশ জারি করে প্রথম ব্যাচেই চার নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, তাদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের পরিচালিত ‘অ্যাপ্লাইড এআই ফর সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস’ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচে অংশগ্রহণের জন্য বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৭৩ জন কর্মকর্তা আবেদন করেন। এর মধ্যে ৬৫ জন ছিলেন নারী কর্মকর্তা।

 

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতিটি বিভাগের আবেদনকারীদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে অংশগ্রহণকারীদের নির্বাচন করে ৩০ সদস্যের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। ওই প্রক্রিয়ায় কোনো নারী কর্মকর্তা চূড়ান্ত তালিকায় স্থান পাননি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে।

এর আগে আমাদের সময়ে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচ্য প্রশিক্ষণে একজনও নারী কর্মকর্তাকে মনোনয়ন না দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভেতরে ও বাইরে আলোচনা সৃষ্টি হয়। এরপরই বিষয়টি পুনর্বিবেচনা করে নতুন অফিস আদেশ জারি করা হয়।

 

নতুন অফিস আদেশ অনুযায়ী প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হওয়া চার নারী কর্মকর্তা হলেন আফসানা রহমান, অতিরিক্ত পরিচালক (বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ); নাজিয়া হক, অতিরিক্ত পরিচালক (পেমেন্ট সিস্টেমস বিভাগ-১); শামীমা আফরোজ, উপ-পরিচালক (ব্যাংক সুপারভিশন বিভাগ-১০) এবং শারমিন আক্তার, উপ-পরিচালক (ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১)।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চারজন পুরুষ কর্মকর্তা স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে প্রশিক্ষণের মোট আসনসংখ্যা ৩০টি অপরিবর্তিত রেখেই তাদের স্থলে চার নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী আবেদনকারীদের অংশগ্রহণের হার, যা মোট আবেদনকারীর প্রায় ১৪ শতাংশ, সেটিও এ সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,‘অ্যাপ্লাইড এআই ফর সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস’ প্রশিক্ষণ কর্মসূচির আরও একাধিক ব্যাচ পর্যায়ক্রমে পরিচালিত হবে। ফলে যেসব কর্মকর্তা এবার অংশগ্রহণের সুযোগ পাননি, তাঁরা পরবর্তী ব্যাচগুলোতে আবেদন ও অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

বাংলাদেশ ব্যাংক দাবি করেছে, তারা দীর্ঘদিন ধরেই নারীবান্ধব কর্মপরিবেশ, সমান সুযোগ এবং পেশাগত সক্ষমতা উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে নারী-পুরুষ নির্বিশেষে সব কর্মকর্তার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ বাংলাদেশ ব্যাংকের অনুরোধে এই প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব তৈরি করে। ১২ সপ্তাহব্যাপী এই কোর্স আগামী ২০ জুলাই শুরু হবে। প্রতি সপ্তাহে দুই দিন করে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যতমুখী প্রযুক্তি নিয়ে এ ধরনের প্রশিক্ষণ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রশিক্ষণ, বিদেশ সফর কিংবা অন্যান্য সক্ষমতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি নারী কর্মকর্তাদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সেই বিষয়টি বিবেচনায় নিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930