সিলেটের যেখানে হচ্ছে দৃষ্টিনন্দন আধুনিক সেতু

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

সিলেটের যেখানে হচ্ছে দৃষ্টিনন্দন আধুনিক সেতু

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের কাপনা নদীর ওপর অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ ও সরু সেতুটি ভেঙে সেখানে একটি প্রশস্ত, আধুনিক ও টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত নকশা প্রণয়ন এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সেতুর নির্মাণকাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

শুক্রবার (২৪ জুলাই) প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরেজমিনে কাপনা নদীর সেতুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেতুটির বর্তমান অবস্থা, স্থানীয় মানুষের দুর্ভোগ এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমান সরু সেতুটি দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগ আরও গতিশীল করতে এখানে দ্রুত একটি আধুনিক, প্রশস্ত ও দীর্ঘস্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আর কোনো বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে সেতুর নকশা প্রণয়ন, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন এবং নির্মাণকাজ শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে উপস্থিত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

স্থানীয় এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নতুন সেতুটি নির্মিত হলে গোয়াইনঘাট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। একই সঙ্গে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও বেগবান হবে। এ উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি স্থানীয়রা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930