শিক্ষার্থীদের যাতায়াতে নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ও আব্দুল মতিন মহিলা একাডেমিকে লেগুনা উপহার

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

শিক্ষার্থীদের যাতায়াতে নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ও আব্দুল মতিন মহিলা একাডেমিকে লেগুনা উপহার

প্রতিনিধি / বালাগঞ্জ ::

 

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সিলেটের বালাগঞ্জ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমীকে একটি লেগুনা গাড়ি উপহার দিয়েছেন প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মতিন মাখন।

 

শনিবার (২৫ জুলাই) দুপুরে নর্থইস্ট বালাগঞ্জ কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেগুনা গাড়ির যাতায়াত কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক।

 

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী ও নর্থইস্ট বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য লেগুনা গাড়ি উপহার দাতা আব্দুল মতিন মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ছানজানা কবির নাবিলা ও হাফিজা বেগম সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেন, নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী প্রতিষ্ঠা ও উন্নয়নে শুরু থেকে যারা অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ কোনো রাজনৈতিক দলীয় ভেদাভেদ না রেখে শিক্ষার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উপকরণ সংক্রান্ত যৌক্তিক দাবি-দাওয়া ও সমস্যাগুলো শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সমাধানের সর্বাত্মক চেষ্টা করা হবে। এ সময় কলেজের একাডেমিক ভবনের একটি রাস্তা দ্রুত পাকাকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্মকর্তাকে নির্দেশনা দেন তিনি।

 

সংসদ সদস্য আরও বলেন, শিগগিরই সিলেট–সুলতানপুর–বালাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে। প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক স্টেডিয়াম নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে সরকারি উদ্যোগে একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিক্ষা, যোগাযোগ, ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বালাগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি উৎপল চক্রবর্তী, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, একাডেমির প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসি, প্রভাষক বিকাশ সূত্রধর, কলেজ প্রতিনিধি এমদাদুর রহমান জাকির প্রমুখ। অনুষ্ঠানে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031