ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশের ব্লু ইকোনমিতে ইউরোপের বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনেক বিনিয়োগকারী এরই মধ্যে বিডার সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি।

 

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা ব‌লেন তিনি।

 

বিনিয়োগ আনার ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সমস্যা তো বিভিন্ন ধরনের আছেই। বিনিয়োগকারীদের সমস্যা আছে, আবার ধরুন, যেসব বাংলাদেশি বিদেশে থাকেন এবং দেশে বিনিয়োগ করতে চান, তাদেরও এক ধরনের সমস্যা আছে। বিএনপি সরকার একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার ধ্বংস করা হয়েছে।

তি‌নি ব‌লেন, পুরো সিস্টেমকে ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে আবার তুলে এনে একটি গতিশীল অর্থনীতিতে রূপান্তর করার জন্য যেসব নীতি বা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার এখন সেগুলোই নিচ্ছে।

বিনিয়োগের অগ্রাধিকার খাতগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগের কথা যখন আমরা বলি তখন জ্বালানি একটি বিশেষ খাত। এ ছাড়া, আমাদের বিনিয়োগের জায়গাগুলো হলো— টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি খাত এবং কৃষিভিত্তিক বিভিন্ন খাত।

তি‌নি ব‌লেন, বিশেষ করে আমরা যখন সৃজনশীল অর্থনীতির কথা বলছি, তখন সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, কুটির শিল্প এবং আমাদের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও অর্থনৈতিক বিনিয়োগের একটি বিশাল সুযোগ তৈরি করার চেষ্টা আমরা করছি। খেলাধুলা এমন একটি খাত, যেখানে প্রচুর বিনিয়োগ সম্ভব।

 

ব্লু ইকোনমি নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, ব্লু ইকোনমি নি‌য়ে কথা হ‌য়ে‌ছে। কারণ, এটি আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই, আমাদের দেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগ হোক। ইউরোপের বিভিন্ন দেশও এখানে বিনিয়োগ করতে আগ্রহী এবং বাংলাদেশে এর অনেক সুযোগও রয়েছে।

 

চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য প্রস্তুত এবং এ নিয়ে কথাবার্তাও চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে কথাবার্তা চলছে। বিনিয়োগ তো আর দিনক্ষণ বা চাঁদ দেখে হবে না। বিনিয়োগের প্রক্রিয়াটি ইতোমধ্যে চলমান রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031