চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক, বর্তমান কোনো কমিটি নেই) মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন না মঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের।

 

চরফ্যাশনে একটি পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মোতাহার হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টির বাসিন্দা দধি ব্যবসায়ী মো. সালাম (৪৫)।

বাদী ভোলা চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে নির্দেশ দিয়েছেন।

 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তিনি এবং তার পরিবার প্রায় ৫৫ বছর ধরে চরফ্যাশন বাজারের কাপুড়িয়াপট্টিতে একটি দোকানে দইয়ের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি অভিযুক্ত চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, মো.আরাফাত হোসেন মালতিয়া, ও মো. ফাহাদ হোসেন মালতিয়া তার দোকানটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।

 

চলতি বছরের ৭ এপ্রিল দুপুরে অভিযুক্তরা তার দোকানে প্রবেশ করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি এতে রাজি না হলে বাদীকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে আহত করা হয়। এরপর অভিযুক্তরা দোকানের তালা ভেঙে নিজেদের নতুন তালা লাগিয়ে চাবি নিয়ে যান এবং টাকা না দেওয়া পর্যন্ত দোকান খুলতে নিষেধ করেন। বাদীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান।

 

পরে তিনি বিষয়টি স্থানীয় নেতারা ও বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের জানালেও কোনো সমাধান হয়নি।

 

অভিযুক্তদের প্রভাবের কারণে থানায় মামলা করতে না পেরে তিনি আদালতের শরণাপন্ন হন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ভোলা জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক (সিআই) সেখ মো. নাসির উদ্দিন জানান, মামলার এক নম্বর আসামি মোতাহার হোসেন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। পরে নিম্ন আদালতে আজ বুধবার হাজিরা দিতে এলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031