দেশের রাজনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ’ এখনই রাজনীতিতে আসুক, তা আমরা মনে করি না’ — ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

দেশের রাজনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ’ এখনই রাজনীতিতে আসুক, তা আমরা মনে করি না’ — ডা. শফিকুর রহমান

প্রতিনিধি / বাগেরহাট  ::

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। কারণ এই দেশের রাজনীতিকে তারাই ধ্বংস করেছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মানুষকে গুম, হত্যা ও পঙ্গু করেছে। অথচ এখন পর্যন্ত এসব ঘটনার জন্য তারা সামান্য অনুশোচনাও প্রকাশ করেনি।”

 

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, একটি দল যদি মানুষের জীবন, গণতন্ত্র ও রাজনীতির ওপর এত বড় ক্ষতি করে, তাহলে শুধু রাজনৈতিক সমীকরণের জন্য তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত হবে না। তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত অন্যায় এবং জঘন্য অপরাধ হবে।”

 

সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। সরকার যত দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে, দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে।

 

সংসদে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “আমরা সংসদে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে সহযোগিতা করছি, আর যেখানে বিরোধিতা প্রয়োজন সেখানে গঠনমূলক বিরোধিতা করছি।”

 

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “এখনও আমরা দুই মেরুতে অবস্থান করছি। দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই সেই রায়কে অপমান করতে দেওয়া হবে না।”

 

সংসদের পরিবেশ সম্পর্কে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, অতীতে সংসদে মারামারি, ফাইল ছোড়াছুড়ি, অশালীন ভাষা ও সংঘাতের ঘটনা ঘটেছে। “আমরা সে ধরনের সংসদ চাই না। আমরা একটি সভ্য, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ সংসদ দেখতে চাই। প্রথম দিন থেকেই বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা গঠনমূলক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো উসকানিতেই আমরা সেই অবস্থান থেকে সরে আসব না।”

 

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এ সময় বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত রোকন সম্মেলনে যোগ দেন। পরে ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায়, মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930