সিলেট ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬
প্রতিনিধি / ওসমানীনগর ::
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেয় ফুটপাত দখলকারী ফল ব্যবসায়ীরা।
এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে ফিরছিলেন কয়েকজন সাংবাদিক ।
এ সময় ফুটপাত দখলকারী ১৫-২০ জন ফল ব্যবসায়ী সাংবাদিকদের উদ্দেশ্যে করে হামলার চেষ্টা করে। একপর্যায়ে সাংবাদিকরা ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তাদের হাতে থাকা দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় ।
পরে স্থানীয় লোকজন সাংবাদিকদের নিরাপত্তা দিয়ে গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবে নিয়ে আসেন। ঘটনার বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। অবশ্যই আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় ফুটপাত দখল, অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। তবে অভিযান শেষ হওয়ার পর বিকেলেই ফের ফুটপাত দখল করে বসে যান ভাসমান ব্যবসায়ীরা।
অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। অভিযান শেষে তিনি জানান, আগামী পাঁচ দিন ফুটপাতে যাতে কোনো ব্যবসায়ী বসতে না পারেন, সে বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে। এরপরও কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আগামী সোমবার পুনরায় অভিযান চালানো হবে। মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ ফল জব্দ করা হয় এবং মোট ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা ফল স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।