বালাগঞ্জের পূর্বগৌরীপুরে বাঘ আতঙ্ক রাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

বালাগঞ্জের পূর্বগৌরীপুরে বাঘ আতঙ্ক রাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ

এম এ কাদির/বালাগঞ্জঃঃ

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর গ্রামে বাঘ আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা রাতে ডোরাকাটা বাঘ ও তার বাচ্চা দেখেছেন বলে দাবি করেছেন। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

মঙ্গলবার দিবাগত রাতে পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে গ্রামবাসীর উদ্দেশে সতর্কবার্তা দেন।

 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, রাত নামলেই বাড়ছে বিপদ! নতুন সুনামপুর গ্রামবাসীর প্রতি অনুরোধ, রাতের বেলা একা বের হবেন না। ঝোপঝাড়ের আশেপাশে চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। বাঘের আতঙ্ক কোনো গুজব নয়, বাস্তব বিপদ!তিনি আরও উল্লেখ করেন, নতুন সুনামপুর গ্রামে রাতের আঁধারে বাঘ ও তার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বন বিভাগ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

এ বিষয়ে চেয়ারম্যান এম মুজিবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, পূর্বগৌরীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন সুনামপুর গ্রামের সাবেক এক ইউপি সদস্য তাকে প্রথমে বিষয়টি জানান। ওই সাবেক ইউপি সদস্য নিজ চোখে একটি ডোরাকাটা চিতাবাঘ ও তার শাবক ঘোরাফেরা করতে দেখেছেন বলে দাবি করেন। পরবর্তীতে স্থানীয় আরও কয়েকজনও বাঘ দেখার বিষয়টি তাকে জানিয়েছেন বলে জানান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাঘের ছবিটি বাস্তবে তোলা কি না, সে বিষয়ে নিশ্চিত নন চেয়ারম্যান।

 

তার ভাষ্য, ছবিটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হতে পারে। এদিকে চেয়ারম্যানের ফেসবুক স্ট্যাটাস প্রকাশের পরপরই বালাগঞ্জ উপজেলার বিভিন্ন মানুষের ফেসবুক টাইমলাইনে পূর্বগৌরীপুর ইউনিয়নে বাঘ আতঙ্ক ও সতর্কতামূলক বার্তা ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বাঘের উপস্থিতির সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে বাঘের অস্তিত্ব নিশ্চিত হলে জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট বন বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে বাঘের উপস্থিতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031