মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অলি আহমদ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অলি আহমদ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এলডিপি সভাপতি ও রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অলি আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।’

 

তিনি বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক সহযাত্রায় আমরা উভয়ে প্রায় সময় একসাথে দায়িত্ব পালন করেছি। সুতরাং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে আমাদের বিশ্বাস ও অঙ্গীকার অভিন্ন।’

অলি আহমদ বলেন, ‘বাংলাদেশে ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতাহীন থেকেছে। ফলে এই গুরুত্বপূর্ণ পদে বিকল্প নেতৃত্ব, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জাতীয় সংসদ ও জনগণের সামনে বিবেচিত হওয়ার সুযোগ ছিল না। পয়ত্রিশ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অন্তত সেই সীমাবদ্ধতা থেকে বের হয়েছে। ১১ দলীয় ঐক্য আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করে এই গণতান্ত্রিক পরিসর সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তার জন্য জোটের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

 

তিনি বলেন, ‘এবারের প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনকে কেবল ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদনে সীমাবদ্ধ না রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফল ও দায় কোনো ব্যক্তি বা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা দেশ ও জনগণের জীবনে প্রতিফলিত হয়। সময়ের সাথে সাথে ইতিহাসও সংশ্লিষ্ট সকলের ভূমিকা মূল্যায়ন করে।’

 

অলি আহমদ বলেন, ‘জাতির এই সন্ধিক্ষণে রাষ্ট্রপতি হিসেবে আপনার প্রতিটি সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক চর্চা ও জনগণের আস্থার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। ব্যক্তি, দল ও গোষ্ঠীগত বিবেচনার ঊর্ধ্বে থেকে দেশ ও নাগরিকদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেবেন- এ প্রত্যাশা করি। বিশেষত গণভোটে জনগণ রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যে রায় দিয়েছে তার প্রতি সম্মান, জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের প্রশ্নে আপনার নিরপেক্ষ ও সক্রিয় অবস্থান দেশবাসী প্রত্যাশা করে।’

 

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলেও জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম শেষ হয় না। রাষ্ট্রীয় পদ বা নির্বাচনী ফলাফলের ঊর্ধ্বে দেশ ও জনগণের প্রতি আমার দীর্ঘদিনের অঙ্গীকার অবিচল থাকবে। আপনার দায়িত্ব পালন হোক সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল অঙ্গীকারে। আপনি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন_এই প্রত্যাশা রাখি। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। মহান আল্লাহ আপনার এ গুরুদায়িত্ব পালনে সহায় হউন।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31