হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে জাতীয় সংসদে দেওয়া বক্তব্য নিয়ে হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বাধা না দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের কথা জানান কওমি ছাত্ররা।

 

ফলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজনে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আর কোনো বাধা রইল না।

জানা গেছে, আজ বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গতকাল শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদ্রাসা শিক্ষার্থীরা সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করারও ঘোষণা দেন তারা।

 

পরে আজ বিকেল ৩টায় এনসিপির নির্ধারিত অনুষ্ঠানের জায়গায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে দুপুরে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন ওই পোস্টে।

 

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর প্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।’

 

তবে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা ওইভাবে অনুমতি দিতে পারি না। কারণ শিল্পকলা কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031