সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে পূর্ব ঘোষণা অনুযায়ী ১১ দলীয় ঐক্যে পদযাত্রা জাতীয় সংসদ ভবনের সামনে পৌঁছেছে। সেখানে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য অবস্থান নিয়েছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা (এমপি)।
আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে জমায়েত শেষে এই পদযাত্রা শুরু করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া সমালোচনা করে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি জানান। সেখানে অনেকে বক্তব্য দেন।
পদযাত্রায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান ছাড়াও আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের অনেকে।