সিলেট ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবারআগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং ১ হাজার ২৬৭ জন হিজড়া ভোটার রয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘ইসি নির্বাচনের জন্য প্রস্তুত। আমি ভোটের দিন তারিখ জানার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব।’
ভোটকেন্দ্রের সংখ্যা প্রসঙ্গে সচিব বলেন, স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান বা স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন) তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। সম্পূর্ণ নির্বাচনী তফসিল ও রূপরেখা স্পষ্ট হলেই কেন্দ্র সংখ্যা চূড়ান্ত করবে ইসি।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে তা ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
আগামী সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি। এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।