সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রতিনিধি / বালাগঞ্জ ::
প্রতিবেদক:যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকার প্রবাসীদের বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইমরান আলী। গত ৭ জুলাই ২০২৬ লন্ডনের মক্কা গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুলসংখ্যক গহরপুরবাসীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
সাধারণ সভায় বক্তারা প্রবাসে গহরপুরবাসীর পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সভা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসী গহরপুরবাসীর আস্থা ও প্রত্যাশাকে মূল্যায়ন করে সংগঠনের সামাজিক, শিক্ষামূলক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে।
নতুন কমিটির প্রথম উদ্যোগ বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত মেডিক্যাল ক্যাম্পে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৪২টি গ্রামের মানুষ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি গ্রাম থেকে কমপক্ষে ১০ জন করে মোট অন্তত ৪২০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
২০২৭ সালে অভিষেক ও ঈদ পুনর্মিলনী গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী আগামী ১৬ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভেন্যু নির্ধারণ করা হয়েছে ক্রাউন ব্যাংকুয়েটিং হল, ১৮২ ক্র্যানব্রুক রোড, ইলফোর্ড, IG1 4LX, লন্ডন।
সংগঠন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে নতুন কমিটির আনুষ্ঠানিক অভিষেকের পাশাপাশি প্রবাসী গহরপুরবাসীদের মিলনমেলা, মতবিনিময় সভা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিনের সামাজিক ও মানবিক সেবা ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যে বসবাসরত গহরপুরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
একই সঙ্গে সংগঠনটি নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের দীর্ঘদিনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।