সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে সিভিল জজ (বিচারক) পদে সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ বুধবার জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার কোনো ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে কোনো ধরনের অসঙ্গতি বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিতির স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে অথবা প্রাক-পরিচয় যাচাই (পুলিশ ভেরিফিকেশন) প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তাঁর মনোনয়ন বাতিল হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি পাওয়া গেলে অথবা যুক্তিসংগত কারণে প্রয়োজন মনে হলে কমিশন ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।