সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
ময়মনসিংহের ভালুকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সাহাব উদ্দিন আকন্দ ও ধনু আকন্দ নামে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ বুধবার সকালে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহাব উদ্দিন (৫৯) ওই গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে এবং ধনু আকন্দ (৬১) একই এলাকার মজিদ আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার চাচাতো ভাই সাহাব উদ্দিন আকন্দ। এ সময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন জানান, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক গণমাধ্যমকে বলেন, ‘নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে স্বজন ও গ্রামবাসী মরদেহ ময়নাতদন্তে বাধা দিচ্ছেন। পুলিশ ময়নাতদন্তের চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘নিহতদের স্বজনদের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি। আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।’