সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মুজিব কোট পরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে মুজিব কোট পরে তাকে যোগ দিতে দেখা যায়।
সাতদিন বিরতির পর এদিন বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়। এর আগে ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন।
মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা বেড়ে যাওয়ায় সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এজন্য দীর্ঘ এ মুলতবি। আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে। গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের এই বাজেট অধিবেশন।
এদিকে, একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।
জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (২১ জুন) পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।