সিলেট |
প্রকাশিত: 5:31 PM, November 6, 2020
বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক যুক্তরাজ্য প্রবাসীর মাইক্রোবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনার কান্দিগাঁও নামকস্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
জানাযায়, উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী হাজী শেখ আব্দুল আলীর পুত্র লন্ডন প্রবাসী শেখ মাসুদ মিয়ার বাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। তিনি প্রতিদিন বাড়ির পাশে গাড়ি রেখে বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়িতে যান। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতেও তিনি গাড়ি রেখে তার এক আত্মীয় বাড়িতে যান। পরে রাত অনুমান সাড়ে ১১ টার সময় দুর্বৃত্তদের ছোড়া আগুনে ঢাকা মেট্রো: চ-১৪-০৬৫৮ নম্বরের লুসিডা মাইক্রোবাসটি পুড়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটলাস্থলে এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ব্যাপারে প্রবাসী শেখ মাসুদ জানান, তারা স্ব-পরিবারে লন্ডনে বসবাস করেন। সম্প্রতি তারা ৩ ভাই ও পিতাসহ একই পরিবারের ৬ জন প্রবাসী দেশে আসেন। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাদের কোনো প্রতিপক্ষ এ ঘটনা করতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।