সিলেট |
প্রকাশিত: 8:09 PM, May 21, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের “অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব” এর মাসিক মতবিনিময় সভা ও পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সঈদপুর বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় প্রেসক্লাব নেতৃবৃন্দরা নিন্দা জানিয়েছেন।
এ সময় প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদের পরিচালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বিশিষ্ট লেখক গবেষক কাজী শাহেদ বিন জাফর।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান শামছু, সাংবাদিক আহমেদ আবুল কালাম, মাসিক গোপলা পত্রিকার সম্পাদক মিজান মোহাম্মদ, প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, আফজাল হোসেন ও জুনায়েদ আল হাবিব প্রমুখ।
উপস্থিত সকল নেতৃবৃন্দরা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মামলা দায়ের এবং ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। একই সাথে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির জোর দাবি জানান।