সিলেট |
প্রকাশিত: 2:53 PM, May 24, 2021
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মানুষ মরণশীল। কিন্তু কিছু মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয় সকালে ও ছেলের মৃত্যু সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মাও বিদায় নেন ১২ ঘণ্টা পর রাতে। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।
রোববার (২৩ মে) সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনগরের পাঠানতুলা গ্রামের ব্যবসায়ী সোহেল বকস (৩২)। এর ১২ ঘণ্টা পর রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান মা দুলবাহার বকস (৬২)। পারিবারিক সূত্রে জানা যায়, চলিত মে মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন সোহেল বকস। সে সময় পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তার মা, বাবা, ভাই ও ভাইয়ের স্ত্রীর পজেটিভ আসে।
তারা সকলেই তখন সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন। কয়েকদিন পূর্বে সোহেল বকস ছাড়া বাকি সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে তারা বাড়িতে আসেন। কিন্তু সিলেটে চিকিৎসাধীন সোহেল বকসের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে থাকে। সবশেষ তাকে হাসপাতালের আইসিইউতে (ইনটেনসি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকালে মারা যান করোনা আক্রান্ত সোহেল। এর ১২ ঘণ্টা পরেই মারা যান মা দুলবাহার।
ধারণা করা হচ্ছে, করোনা পরবর্তী জটিলতার পাশাপাশি ছেলের মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তাদের মৃত্যুতে রাজনগরে শোকের ছায়া পড়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন ব্যক্তিরা শোকবার্তা দিচ্ছেন।