সিলেট |
প্রকাশিত: 8:01 PM, August 27, 2021
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বিবাহের প্রলোভন দিয়ে মৌলভীবাজারের দক্ষিণ বেকামুড়া কামালপুর থেকে এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর অবশেষে সিলেটের ওসমানীনগরে অপহৃত কিশোরী (১৫) কে উদ্ধার করা হয়েছে। এ সময় দু অপহরণকারী আল আমিন (১৮) এবং বাবুল মিয়াকে(২০) গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় অপহৃত কিশোরীর পিতা মৌলভীবাজারের দক্ষিণ বেকামুড়া কামালপুর কিশোরীর পিতা বাদি হয়ে শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আল আমিন, বাবুল মিয়া সহ অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে ওসমানীনগর থানায় (মামলা নং-১৫) দায়ের করেন। গ্রেফতারকৃত আল আমিন ওসমানীনগরের সাদিপুর ইউপির কালনিচর গ্রামের আব্দুল হোসেনের ছেলে এবং বাবুল মিয়া একই উপজেলার গোয়ালাবাজার ইউপির মুতিয়ারগাও গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আল আমিন বিগত কিছু দিন পূর্বে মৌলভীবাজারের কামালপুর গ্রামের কিশোরীর পাশের বাড়িতে কাঠ মেস্ত্রীর কাজ করতে যায়। এ সময় কিশোরীর সাথে আল আমিনের প্রেমের সম্পর্ক ঘটে। আল আমিন নিপাকে বিয়ের প্রলোভন সহ নানা ভাবে ফুসলিয়ে তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত ২৬ আগষ্ট রাত ৯টার দিকে কিশোরীকে কামালপরুস্থ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে আসে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওসমানীনগরের উছমানপুর ইউপির ইছামতি গ্রামে রাস্তা দিয়ে অপহৃত কিশোরীকে নিয়ে আল আমিন ও বাবুল মিয়া যাবার প্রাক্কালে স্থানীয় জনগন তাদের আটক করে ওসমানীনগর থানা পুলিশের নিকট সোপর্দ করে। খবর পেয়ে অপহৃত কিশোরীর পিতা ওসমানীনগর থানা এসে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক অপহৃত কিশোরী উদ্ধার ও অপহরকারীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর উদ্ধারকৃত কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ন স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসিতে) ভর্তি করা হয়েছে।