সিলেট |
প্রকাশিত: 2:53 PM, September 11, 2022
প্রতিনিধি/বাহুবলঃঃ
বাহুবলে নিজ পুকুরের পানিতে ডুবে মনির চান বিবি নামে(৮০) বছর বয়সী এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের হরাইটেকা গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,মনির চান বিবি(৮০) মেয়ে আম্বিয়া খাতুনকে ঘরে রেখে বাড়ির সামনে নিজের ছোট একটি পুকুরে গোসল করতে যান।তিনি গোসল করতে গিয়ে অনেক সময় হয়ে যাওয়ার পরও ফিরে না আসায় মেয়ে আম্বিয়া খাতুন মা মনির চান বিবিকে খুজতে গিয়ে দেখেন পুকুরের পানিতে ভাসমান অবস্থায় রয়েছেন। আম্বিয়া খাতুন মায়ের এ অবস্থা দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে মনির চান বিবিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পরে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কদ্দুস মিয়া সহ এলাকার ময়মুরুব্বিরা ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার এস আই আল আমিন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মনির চান বিবির লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ময়মুরুব্বি ও নেতৃবৃন্দরা জানান, সংরক্ষিত নারী সদস্য সহ কয়েকজন নেতৃবৃন্দ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির জন্য গিয়েছেন, অনুমতি নিয়ে আসলেই মনির চান বিবির লাশ দাফন করা হবে।
মনির চান বিবির মেয়ে আম্বিয়া খাতুন জানান, আমরা দুই বোন আমাদের কোন ভাই নেই।আমার মা বয়স্ক মানুষ তিনি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।কিন্তু আইনি বাঁধার কারণে ৮০ বছর বয়সী বৃদ্ধা মায়ের লাশ নিয়ে বসে আছি আমরা, সন্ধ্যা ঘনিয়ে আসছে গ্রামের মানুষরা বিভিন্ন দিকে চলে যাচ্ছে।জানিনা দাফন করতে আরও কতো সময় লাগবে।