সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করতে নেমে বাঁম ঊরুতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট নিয়ে ব্যাটিং এবং বোলিং করে গেলেও, ম্যাচের পর স্ক্যানে ধরা পড়ে তার চোটের মাত্রা কতটুকু। তখনই জানা গিয়েছিল আগামী কয়েকদিন তিনি পর্যবেক্ষণে থাকবেন।
আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। সাকিবের ইনজুরির সর্বশেষ আপডেট জানান তিনি। বিষয়টি সম্পর্কে খালেদ মাহমুদ বলেন,‘সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যাথা নেই তার। যেহেতু এখনো মাঠে নামেনি তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।
তবে টিম ডিরেক্টরের কথার মাঝে ভারতের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে ছিল অনিশ্চয়তার ইঙ্গিতও। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের ধারণা সে খেলতে পারবে। কিন্তু চিকিৎসার কিছু বিষয় তো আছেই। যেহেতু (চোট) আছেই পায়ে, ঝুঁকির একটা ব্যাপার থাকেই। শরীরের উপরিভাগ নিয়ে জিম করবে। কালকে মাঠে ব্যাটিংয়ের পর আমরা হয়তো বুঝতে পারব। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়তো (চোটের ব্যাপারে) পরিষ্কার একটা ছবি পাব।
প্রসঙ্গত, বাংলাদেশ দল এখন অবস্থান করছে ভারতের পুনেতে। আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে সাকিব বাহিনী। সে ম্যাচে সাকিব খেলবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।