অভিনেতা ইরফান খান আর নেই

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

বিনোদন ডেস্কঃঃ

চলে গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। আজ বুধবার সকালে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। ইরফান খান ক্যানসারে ভুগছিলেন।

 

গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিনই অভিনেতা ইরফানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই সময় তার মুখপাত্র জানান, ইরফান খানকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি বেঁচেই আছেন।

 

এই খবর শুনে কিছুক্ষণের জন্য হলেও আশ্বস্ত হয়েছিলেন ইরফান ভক্তরা। তবে শেষ রক্ষা হলো না।মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন এই অভিনেতা।

 

২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ‘পিকু’ ছবির অন্যতম এই অভিনেতার। এরপর এক বছর লন্ডনে চিকিৎসা করেছিলেন। কয়েক মাস আগে মুম্বাই ফিরে আসেন তিনি। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের আংরেজি মিডিয়াম। তখনও অসুস্থ ছিলেন বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।

 

বাংলাদেশের ‘ডুব’খ্যাত ভারতীয় এই অভিনেতা ‘সালাম বোম্বে’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ছবিটি অস্কারেও মনোনয়ন পেয়েছিলো। এরপর তাকে দেখা গেছে ‘হাসিল’ ও ‘মকবুল’ ছবিতে। এতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান। যার সুবাদে ফিল্মফেয়ারে সেরা খলনায়কের পুরস্কারটিও তার ঘরে ওঠে।

 

এরপর এক এক করে ভক্তদের তিনি উপহার দিয়েছেন ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘পান সিং তোমার’, ‘দ্য লাঞ্চ বক্স’, ‘হায়দার’, ‘গুন্ডে’, ‘তালভার’, ‘পিকু’ ও ‘হিন্দি মিডিয়াম’। শুধু হিন্দি নয়, ইরফান খান অভিনয় করেছেন হলিউডের ছবিতেও। এ তালিকায় রয়েছে ‘দ্য ওয়ারিয়র’, ‘দ্য দার্জেলিং লিমিটেড’, ‘স্লামডগ মিলিনিয়র’, ‘নিউ ইয়র্ক আই লাভ ইউ’, ‘দ্য আমেজিং স্পাইডার-ম্যান’, ‘লাইফ ইন অ্যা পাই’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘দ্য ইনফার্নো’।

 

প্রিয় বন্ধুর অকাল প্রয়াণে শোকাহত পিকু ছবির পরিচালক সুজিত সরকার। সকালে ইরফানের মৃত্যুর খবরে তিনি একটি টুইট করেন।

 

এদিকে, মাত্র চার দিন আগে ইরফান খানের মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে শেষবারের মতো মাকে দেখতে যেতে পারেননি তিনি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মাকে দেখতে যেতে পারেননি এই অভিনেতা। 

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031