সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনার তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। লকডাউনের জেরে দেশটিতে বেকারত্বের সংখ্যা বেড়েছে বহু গুণ। তাই যুক্তরাষ্ট্রে কাজ করতে চাওয়া তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য উদ্বেগজনক খবর শোনা যাচ্ছে। এইচ-ওয়ানবি ভিসাসহ যে বিভিন্ন ধরনের ভিসা দেওয়া হয় যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মপ্রার্থীদের, এখন সেগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মার্কিন দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, আগামী অর্থবছরের পুরোটা সময়ের জন্যই এইচ-ওয়ানবি-সহ আমেরিকায় কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভিসা আর না দেওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় নতুন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। ওই সময়েই এইচ-ওয়ানবি-সহ ওই সব ভিসা ইস্যু করতে শুরু করে মার্কিন প্রশাসন।
দৈনিকটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই সম্ভাব্য পদক্ষেপের ফলে এই মুহূর্তে যে বিদেশি নাগরিকরা এইচ-ওয়ানবি ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন, তাঁদের হয়তো কোনও বিপদে পড়তে হবে না। হোয়াইট হাউস অবশ্য সরকারিভাবে এমন সম্ভাব্য পদক্ষেপের কথা স্বীকার করেনি।