বাংলাদেশের জন্য যে সুবিধা দিল যুক্তরাজ্য

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

বাংলাদেশের জন্য যে সুবিধা দিল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক ::

 

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের অধিকাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।

 

উত্তরণের পর তিন বছরের ট্রানজিশনাল সময়ে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ পাবে। এরপরও প্রায় ৯২ শতাংশ পণ্য এ সুবিধার আওতায় থাকবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আমিরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

 

জেমস গোল্ডম্যান বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ব্রিটিশ পণ্য, সেবা ও প্রযুক্তি ব্যবহারে আর্থিক সহায়তা দিতে যুক্তরাজ্য সরকার দুই বিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠন করেছে। যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশি ব্যবসায়ীদের জানাতে শিগগির চিটাগাং চেম্বারে একটি কর্মশালার আয়োজন করা হবে।

 

সাক্ষাতে চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মো. আমিরুল হক চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে যুক্তরাজ্যের বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, চট্টগ্রামের সমুদ্রবন্দর ও বিমানবন্দরসহ লজিস্টিক খাতে ব্রিটিশ বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। একই সঙ্গে লালদিয়া টার্মিনালের মতো বৃহৎ অবকাঠামো নির্মাণ ও পরিচালনা এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায়ও ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করেন তিনি।

 

আমিরুল হক আরও বলেন, চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা সম্ভব। এ জন্য ফার্মাসিউটিক্যাল, স্টিল, টেক্সটাইল ও গ্রিন এনার্জিসহ বড় শিল্প খাতে বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশ ব্যবসায়ীদের উৎসাহিত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

সাক্ষাতে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বাংলাদেশে আরও ব্রিটিশ বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আরেক সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডিএফআইডির মতো ব্রিটিশ সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, ব্রিটিশ হাইকমিশনের ডাইরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সাকিব এরশাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930