সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
লেবাননের একটি সীমান্তবর্তী গ্রামে ইসরায়েলি হামলায় পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্র গতকাল শনিবার গভীর রাতে এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ লেবাননের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই বিমান হামলা চালায়। পাঁচ লেবানিজ নিহত হওয়া ছাড়াও এ ঘটনায় একই পরিবারের সদস্যসহ ৯ জনের বেশি আহত হয়েছে। আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে এবং এতে অন্তত পাঁচজন নিহত ও আরও নয়জন আহত হয়েছেন।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ওই হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং অন্য একজন ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।
বর্বর এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি বসবাসকারী কমপক্ষে আরও নয়জন মানুষ আহত হয়েছেন বলেও এতে বলা হয়েছে। মূলত গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে বেড়েছে এবং লেবাননে কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর আরও ৩ যোদ্ধা নিহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, গত শুক্রবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তিনজন যোদ্ধা মারা যাওয়ার কথা ঘোষণা করার পর হিজবুল্লাহ এখন আরও তিনজন নিহতের কথা নিশ্চিত করেছে, যারা একই পরিবারের সদস্য বলে মনে হচ্ছে।
শক্তিশালী এই সশস্ত্রগোষ্ঠীটি জানিয়েছে, ১৯৯৬ সালে জন্মগ্রহণকারী হাসান জাফর মারজি, ১৯৯৩ সালে জন্মগ্রহণকারী আলী জাফর মারজি এবং ১৯৬৮ সালে জন্মগ্রহণকারী জাফর আলী মারজি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। তারা সবাই দক্ষিণ লেবাননের ব্লিদা শহরের বাসিন্দা ছিলেন।
সর্বশেষ এই প্রাণহানির ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত লড়াইয়ে হিজবুল্লাহর সদস্যদের মৃতের সংখ্যা ২৩৯ জনে পৌঁছাল। এছাড়া শনিবার ইসরায়েলি বিভিন্ন অবস্থানে নয়টি হামলা চালানোর দাবিও করেছে হিজবুল্লাহ।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধে গত অক্টোবর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে ইরান-সমর্থিত শক্তিশালী এই গোষ্ঠীটির দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।
এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে। আর হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছেন।